গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে আগুনে ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন কলোনি দুটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রথমে আমিনুল ইসলামের কলোনি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পাশে রাসেল আহমেদের কলোনিতে ছড়িয়ে পড়ে।
ওই সময় কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’