নিউজ ডেস্ক, চ্যানেল কে টিভি | ঢাকা
চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে তিনি গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি ও নাগোয়া শহরজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়ান গেমস।