বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জোয়েল কাপলান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে এই আমন্ত্রণ জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছে শামা ওবায়েদ। এ সময় বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।