রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে (ফ্লাইওভার) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত কবির হোসেন (৩২) সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নিরাপত্তাকর্মী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সুমন মিয়া নামের এক ব্যক্তি। পেছনে বসা ছিলেন কবির হোসেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসআই মেহেদী হাসান জানান, আহত অবস্থায় রাত পৌনে একটার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কবির হোসেনকে প্রথমে প্রাইম হাসপাতাল, পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখান থেকে আজ সকাল নয়টার দিকে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালক সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে পুলিশ। কবির হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাস বলেন, কবিরের সঙ্গে তিনি গোপীবাগের একটি মেসে থাকতেন। মোটরসাইকেলচালক সুমন মিয়াকে তিনি চেনেন না। কবির কেন তাঁর সঙ্গে বেরিয়েছিলেন, তা-ও তিনি জানেন না।