দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দায়িত্ব গ্রহণের পর তাঁর সভাপতিত্বেই নতুন অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৯৯টি দেশের সমর্থনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি।

দায়িত্ব গ্রহণের আগে অধিবেশনে নিজের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন ড. খলিলুর রহমান। জাতিসংঘে ২৫ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাদার কূটনীতিকের নেতৃত্বে আগামী এক বছর সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে।

জাতিসংঘের সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নেবেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেল বাংলাদেশ।