সদ্য ঘোষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম বেতনকাঠামো নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা চলছে। বেতন বৃদ্ধির যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা, সম্ভাব্য মূল্যস্ফীতি, সরকারের আর্থিক সক্ষমতা এবং বেসরকারি খাতের বেতনকাঠামোর সঙ্গে অসামঞ্জস্য—এই চারটি বিষয়ই আলোচনার কেন্দ্রে রয়েছে।

 

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে সরকারি ২০টি গ্রেডের জন্য মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জুলাই থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলেও তা একবারে কার্যকর হচ্ছে না। চার ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতনের ৪০ শতাংশ, জানুয়ারি ২০২৭ সালে ৩০ শতাংশ এবং জুলাই ২০২৭ সালে আরও ৩০ শতাংশ কার্যকর হওয়ার কথা রয়েছে। ২০২৮ সালের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার পরিকল্পনাও রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

নতুন বেতনকাঠামো নিয়ে সাধারণ মানুষের অন্যতম বড় উদ্বেগ মূল্যস্ফীতি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ তৈরি হয়ে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোর মূল্যস্ফীতি মূলত উৎপাদন খরচ বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের দাম, কাঁচামালের মূল্য এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের মতো বিভিন্ন কারণে তৈরি হয়েছে। আমদানি করা পণ্য ও কাঁচামালের দাম বৃদ্ধিও এতে ভূমিকা রেখেছে।

বাজার ব্যবস্থাপনার দুর্বলতা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে বেতন বৃদ্ধির ফলে চাহিদা বাড়লেও উৎপাদন ও সরবরাহের সঙ্গে যদি তার ভারসাম্য থাকে, তাহলে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম।

অর্থায়নেও সতর্কতা প্রয়োজন

নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেতন-ভাতা পরিশোধের জন্য যদি ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হয়, তাহলে তার প্রভাব অর্থনীতিতে পড়তে পারে।

তাই রাজস্ব আদায় বাড়ানো, ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা আনা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে বেতনকাঠামো বাস্তবায়নের অর্থের সংস্থান করা জরুরি। প্রয়োজনে ধাপে ধাপে বাস্তবায়নের সময়সূচিও পুনর্বিবেচনা করা যেতে পারে।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেসরকারি খাত

নবম বেতনকাঠামোর অন্যতম বড় চ্যালেঞ্জ সরকারি ও বেসরকারি খাতের বেতন বৈষম্য। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি খাতের বিপুলসংখ্যক কর্মী একই ধরনের সুবিধা থেকে বঞ্চিত থাকলে অর্থনীতিতে বৈষম্য আরও বাড়তে পারে।

বর্তমানে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ঋণ সংকট, বিনিয়োগের ধীরগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় সরকারি বেতনকাঠামো বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতকে চাঙা করার উদ্যোগ নেওয়া জরুরি। ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং ন্যূনতম মজুরি কার্যকর করার মাধ্যমে বেসরকারি খাতের কর্মীদের আয় ও জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।

মনে রাখা জরুরি, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি বেসরকারি খাত। এই খাতের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবার। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামো পরিমার্জনের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের বেতন সমন্বয়ের সক্ষমতা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

সার্বিকভাবে নতুন বেতনকাঠামো সময়ের দাবি হলেও এর বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দক্ষ রাজস্ব আহরণ, সুচিন্তিত ব্যয় ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতের গতিশীলতার মাধ্যমেই এই ভারসাম্য নিশ্চিত করা সম্ভব।