আগামী ২৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ৩ দিনব্যাপী মেলা শেষ হবে ৩১ অক্টোবর। মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ।
তিনি জানান, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনটি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনব্যাপী এই মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।