দেশের যেকোনো সংকটকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবিলা করেছে বিএনপি। ভবিষ্যতেও দেশের মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে দলটি কাজ করে যাবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের বর্তমান সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো জ্বালানি সংকট। ‘আমরা এই সংকটকে অস্বীকার করছি না। বৈশ্বিক নানা কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে যেন বাংলাদেশকে এ ধরনের সংকটের মুখে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। সেই বাস্তবতায় বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে তার সরকার। এর মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।