নিউজ ডেস্ক: দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন-বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি নির্দেশনা বা উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় রাজধানীর চারপাশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি, দূষণের কারণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নৌপথের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার পাশাপাশি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

রাজধানী ও এর আশপাশের নদ-নদীকে দূষণমুক্ত করে নৌ-যোগাযোগ ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।